আগরতলা, ১৯ মার্চ, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে
জওহর চক্রবর্তীকে প্রার্থী করল বিজেপি। তিনি দলের পুরনো কর্মী এবং এর আগেও দু’বার এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থী ঘোষণার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেন, এই নির্বাচনে লড়াই একতরফা হবে।
অন্যদিকে, কংগ্রেস এই কেন্দ্রে চয়ন ভট্টাচার্যকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন করেছেন। তিনি গত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন।
বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অমিতাভ দত্ত। মনোনয়ন দাখিলের দিন ধর্মনগর শহরে বিশাল মিছিল করে শক্তি প্রদর্শন করে বাম শিবির। তিনবারের বিজয়ী এবং সিপিআইএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্তের অভিজ্ঞতা এই নির্বাচনে বড় ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার বিশ্ব বন্ধু সেন অকাল প্রয়াণে শূন্য হয় এই আসনটি। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা করা হবে।
সব মিলিয়ে ধর্মনগর উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, এবং শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।