আগরতলা, ২০ মার্চ ২০২৬ঃ
দেরাদুনে ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার রাজ্য বিধানসভায় বিধায়ক পল দাংশুর আনা নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।
মুখ্যমন্ত্রী বলেন, গ্রেপ্তারদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক এবং দুজন কিশোর। তবে এই মামলার প্রধান অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ তল্লাশি অভিযান জারি রেখেছে। দেরাদুন পুলিশ তার সন্ধানে ২৫ হাজার টাকা এবং উত্তরাখণ্ড পুলিশ সদর দপ্তর ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ইতিমধ্যেই লুক আউট সার্কুলার ও ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে এবং আদালতে মামলার শুনানি চলছে।
ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক ও স্পর্শকাতর বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার দিন থেকেই তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ২০২৫ সালের ২৯ ডিসেম্বর তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতেও যোগাযোগ রাখেন। উত্তরাখণ্ড সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে, ৩০ ডিসেম্বর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরবর্তীতে ১৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী নিজেও নন্দননগরে এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।