আগরতলা, ২০ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আগরতলা আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০ ও ২১ মার্চ রাজ্যের একাধিক জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, ঝাড়খণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ এবং উপরের স্তরের ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ২০–২১ মার্চ কয়েকটি জেলায় ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ২১–২২ মার্চ উত্তর, উনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে।
এই আবহাওয়ার জেরে বজ্রপাতের কারণে মানুষ ও গবাদিপশুর ক্ষতি, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি, কাঁচা ঘরবাড়ি এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে ঘরে থাকার, অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর, গাছের নিচে আশ্রয় না নেওয়ার, বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার এবং জলাশয় থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।