অগরতলা, ২২ মার্চ ২০২৬ঃ
ত্রিপুরা রাজ্যের অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ, বকেয়া ডিএ, ডিআর প্রদান এবং নতুন শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ২৩ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিটু। এক সাংবাদিক সম্মেলনে সিটু ত্রিপুরা কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ে বিভিন্ন শর্তে নিয়োজিত হাজার হাজার অস্থায়ী কর্মীর নিয়মিতকরণ ও পূর্ণ বেতনক্রম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার এখনও সেই নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে না। এ প্রসঙ্গে সরকারের ভূমিকা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
ডিএ, ডিআর প্রসঙ্গে দত্ত বলেন, কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে তুলনা করলে এখনও ১৭ শতাংশ ডিএ, ডিআর বকেয়া রয়েছে। সরকার তা ঘোষণা না করায় রাজ্যের স্থায়ী কর্মীরা প্রতি মাসে পদমর্যাদা অনুযায়ী ৬ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে পেনশনভোগীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নতুন শ্রম কোড বাতিলের দাবি তুলে তিনি বলেন, গত বছরের নভেম্বর মাসে জারি হওয়া নতুন শ্রম কোড শ্রমিকবিরোধী। এর ফলে কর্মসংস্থানের শর্ত মালিকপক্ষের পক্ষে ঝুঁকে পড়ছে এবং শ্রমিকদের যৌথ দরকষাকষির সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, সমবর্তী তালিকাভুক্ত বিষয় হওয়ায় কেরল ইতিমধ্যেই এই কোডে কিছু সংশোধন এনেছে।
সিটুর এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।