আগরতলা, ২৫ মার্চ, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ৬ জন প্রার্থী। মঙ্গলবার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্রের যাচাইকরণ হয়েছে। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, জমা পড়া মোট ছয়টি মনোনয়নপত্রই আইনত বৈধ বলেপাওয়া গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এদিন দপ্তরে উপস্থিত হয়ে নিজেদের নথিপত্র যাচাই করান। দীর্ঘ প্রক্রিয়ার পর ছয়জন প্রার্থীকেই নির্বাচনী লড়াইয়ের জন্য বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়।
এবারের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—
সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত, বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য্য, আমরা বাঙালি দলের বিভাস রঞ্জন দাস, এসইউসিআই(সি) প্রার্থী সঞ্চয় চৌধুরী এবং নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ।
রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র নির্ধারিত আইনি বিধি মেনেই গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি ভোটারদের নির্ভয়ে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হলেও এখন রাজনৈতিক মহলের নজর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিনের দিকে। ওইদিনই স্পষ্ট হবে চূড়ান্তভাবে কতজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবেন।