আগরতলা, ২৬ মার্চ ২০২৬ঃ
চৈত্রের শুরুতেই আচমকা কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা। প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ রাজ্যের অন্তত আটটি জেলায় স্বাভাবিক জনজীবনকে কার্যত স্তব্ধ করে দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিকাঠামো, যার ফলে বহু এলাকা কয়েকদিন অন্ধকারে ডুবে ছিল।
বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া ঝড়ের দাপটে রাজ্যজুড়ে প্রায় ৯০ কিলোমিটারের বেশি বিদ্যুৎ পরিবাহী তার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৪০০ এর বেশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং অন্তত ৩৭টি ট্রান্সফর্মার সম্পূর্ণ বিকল হয়ে গেছে। ধলাই, ঊনকোটি ও খোয়াই জেলার মতো এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ছিল সবচেয়ে বেশি। এই তিন জালায় বেশ কিছু জায়গায় উচ্চক্ষমতাসম্পন্ন হাই ভোল্টেজ লাইন ছিঁড়ে পড়ে গিয়েছে।
বিদ্যুৎ নিগমের পক্ষে জানানো হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে নিগমের আর্থিক ক্ষতি ইতিমধ্যেই ২ কোটি টাকারও বেশি ছাড়িয়ে গেছে। উত্তর ত্রিপুরার কিছু সাব স্টেশনও ঝড়ের তান্ডবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে উপড়ে পড়া খুঁটি সরিয়ে নতুন খুঁটি বসানো হচ্ছে এবং বিকল ট্রান্সফর্মার সারাইয়ের কাজ চলছে। ফলে অধিকাংশ এলাকায় ১ থেকে ৩ দিনের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, ঝড়ের পর ছেঁড়া বিদ্যুতের তার বা ক্ষতিগ্রস্ত খুঁটির কাছাকাছি না যেতে এবং এমন কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিদ্যুৎ দপ্তরে খবর দিতে।