আগরতলা, ২৮ মার্চ, ২০২৬ঃ
রাজ্যে নির্বাচন আচরণবিধি বলবৎ থাকাকালীন সুবিধাভোগীদের মধ্যে ভর্তুকির টাকা বিতরণের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলটির অভিযোগ, খাদি ও গ্রাম উদ্যোগ আয়োগের তরফে ঋণগ্রহীতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পাঠানো হচ্ছে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
কংগ্রেসের দাবি, ধর্মনগর উপনির্বাচন ও এডিসি নির্বাচন চলাকালীন এই ধরনের আর্থিক সহায়তা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। অভিযোগ অনুযায়ী, সুবিধাভোগীদের অ্যাকাউন্টে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পৌঁছে দেওয়া হয়েছে।
এদিন কংগ্রেসের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরে দ্রুত পদক্ষেপের দাবি জানায়। পাশাপাশি আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে দলটি।
কংগ্রেসের আরও অভিযোগ, কিছু এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।
অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারির দাবি জানিয়েছে কংগ্রেস।