আগরতলা, ৩১ মার্চ, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে বিশেষ ‘ভোট ফ্রম হোম’ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৩১ মার্চ থেকে ৮৫ ঊর্ধ্ব প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন নির্বাচন কর্মীরা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জানা গেছে, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে মোট ১১৬ জন ৮৫ বছরের ঊর্ধ্ব ভোটার এবং ৬৯ জন বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন। আগামী তিন দিন ধরে চলা এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৮৫ জন ভোটারের ভোট সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন দপ্তরের কর্মীরা ব্যালট বক্স নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছাতে শুরু করেছেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বাড়ির ভেতরেই ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোটগ্রহণ চলছে।
প্রশাসনের দাবি, যাঁরা শারীরিক অসুস্থতা বা বয়সজনিত কারণে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, তাঁদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এতে কোনও ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এই ‘ভোট ফ্রম হোম’ সুবিধায় খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটাররা। তাঁদের মতে, এই উদ্যোগের ফলে সহজেই এবং নিরাপদে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন তাঁরা।