আগরতলা, ১ এপ্রিল ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, এডিসি’র ২৮টি আসনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে। নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী, আগামী ৭ ও ৮ এপ্রিল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
এই ব্যবস্থার আওতায় নির্বাচনী দায়িত্বে থাকা ভোটকর্মীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কমিশন সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে অতিরিক্তসহ প্রায় ১০ হাজার ভোটকর্মী নিয়োজিত থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন নিরাপত্তারক্ষী, যানবাহনের চালকসহ অন্যান্য সহায়ক কর্মীরাও।
মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটকর্মীদের প্রশিক্ষণ ও মহড়া চলছে।
উল্লেখ্য, এবারের এডিসি নির্বাচনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।