আগরতলা, ১ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় এডিসি নির্বাচনের প্রচারে বেড়িয়ে হামলার শিকার হন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা। ঘটনা,
খোয়াই জেলার কমলপুর মহকুমার হালহালী-আশারামবাড়ি এডিসি আসনের পশ্চিম লাম্বুছড়া এলাকায়। ভোট প্রচারে গিয়ে তিপ্রামথা সমর্থকদের অবরোধের মুখে পড়েন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা।
জানা গেছে, অনন্ত দেববর্মা ওই এলাকায় পৌঁছালে তিপ্রা মথা কর্মীরা সড়ক অবরোধ করে রাখে। অবরোধ তুলতে গেলে পুলিশ ও টিএসআর বাহিনী বাধার মুখে পড়ে এবং পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। তিপ্রামথা কর্মীদের ছোঁড়া ইট-পাথরে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, এক মহিলা কনস্টেবলসহ প্রায় ১২ জন পুলিশ ও টিএসআর জওয়ান আহত হন।
আহতদের দ্রুত কমলপুরের বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, একই ঘটনার রেশে ২০৮ নম্বর জাতীয় সড়কের শ্রীরামপুর আনন্দ বাজার এলাকায় আরও একটি হামলার অভিযোগ ওঠে। সেখানে তিপ্রামথা সমর্থকদের আক্রমণের শিকার হয় কমলপুরের বিজেপি বিধায়ক মনোজ কান্তি দেব এবং প্রার্থী অনন্ত দেববর্মার গাড়ি। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হন এবং একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। যদিও বিধায়ক ও প্রার্থী শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর এবং আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিম লাম্বুছড়া এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।