আগরতলা, ২ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় আসন্ন টিটিএএডিসি নির্বাচনে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। বৃহস্পতিবার খোয়াই জেলায় ত্রিপুরা পুলিশের এক উচ্চপর্যয়ের বৈঠক শেষে এই কথা জানান রাজ্য পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকর।
বৃহস্পতিবার খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন ডিজিপি। বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রাণাদিত্য দাস, ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং সহ টিএসআর ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
এই বৈঠকে খোয়াই ও ধলাই জেলার নির্বাচনী প্রস্তুতি এবং বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বৈঠকে দুই জেলার পুলিশ সুপারদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেন তিনি।
ডিজিপি জানান, এরই মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠানো হলেও, সেই অনুমতি মেলেনি। কেন্দ্রীয় বাহিনী না পেলেও রাজ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও টিএসআর মোতায়েন রয়েছে। প্রশাসন আশাবাদী যে, অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বৈঠকে থেকে জানানো হয়।
এডিসি নির্বাচনে সামনে রেখে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে এসেছে।সাম্প্রতিক রাজনৈতিক অশান্তির প্রেক্ষাপটে বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন প্রশাসনিক মহল।