আগরতলা, ৩ এপ্রিল, ২০২৬ঃ
আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ, এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল ভারতীয় জাতীয় কংগ্রেস-এর ত্রিপুরা প্রদেশ শাখা। “স্বায়ত্তশাসন, ক্ষমতায়ন ও উন্নয়নের এক নতুন দিশা” স্লোগানকে সামনে রেখে প্রকাশিত এই ইশতেহারে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সম্মান এবং সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে দল।
দলের কেন্দ্রীয় নেতৃত্ব কেসি ভেনুগোপাল এবং সপ্তগিরি উলাকা-র উপস্থিতিতে ইশতেহার প্রকাশ করা হয়। এতে মোট ৮ দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
ইশতেহার অনুযায়ী, কংগ্রেস ক্ষমতায় এলে এডিসিকে পূর্ণ আইনগত ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হবে এবং কেন্দ্রীয় বরাদ্দ সরাসরি পরিষদের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সামাজিক নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ভূমি ও বন অধিকারের সুরক্ষা, জুম চাষে ন্যূনতম সহায়ক মূল্য চালু, ককবরক ভাষার শিক্ষক নিয়োগ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতিও রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল সম্প্রসারণ, মোবাইল মেডিকেল ইউনিট চালু এবং মাদকমুক্তি কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানীয় জল সরবরাহ, ‘স্মার্ট টাউন’ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষুদ্র শিল্পে প্রণোদনা এবং ককবরক ভাষা ও আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে বিজেপিকে কটাক্ষ করে সপ্তগিরি উলাকা অভিযোগ করেন, সংবিধানের ১২৫তম সংশোধনী নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না, যা এডিসির ক্ষমতায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।