আগরতলা, ৩ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় ৩৬৫ জন স্কুল কম্পিউটার প্রশিক্ষক চাকরি হারিয়েছেন। আইসিটি সেক্টরের আওতায় বিভিন্ন স্কুলে কর্মরত এই প্রশিক্ষকদের চাকরির মেয়াদ ৩১ মার্চ পর্যন্তই ছিল। মেয়াদ শেষ হওয়ার পর তাদের আর চাকরিতে স্থায়িত্ব না থাকায় বর্তমানে তারা বেকার হয়ে পড়েছেন।
সূত্রের খবর, চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের কাছে আবেদন জানানো হলেও তা কার্যকর হয়নি। পুনঃনিয়োগের দাবিও উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ। ফলে একদিকে যেমন ৩৬৫ জন প্রশিক্ষক চাকরি হারিয়েছেন, অন্যদিকে প্রায় ৩৬৫টি স্কুলে কম্পিউটার শিক্ষা কার্যত বন্ধ হয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের তরফে বুনিয়াদি শিক্ষা অধিকর্তা ও শিক্ষা সচিবের কাছে সাক্ষাতের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও অনুমতি মেলেনি। মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি পেশ করে চাকরির ধারাবাহিকতা বজায় রাখা, সরাসরি নিয়োগ এবং ঠিকাদার সংস্থার পরিবর্তে শিক্ষা দফতরের মাধ্যমে কম্পিউটার শিক্ষা পরিচালনার দাবি জানানো হয়েছে।
সংঘের বক্তব্য, গত পাঁচ বছর ধরে এই প্রশিক্ষকরা স্কুলে কম্পিউটার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে যেখানে প্রযুক্তি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে, সেখানে হঠাৎ করে এই প্রশিক্ষকদের চাকরি চলে যাওয়া এবং কম্পিউটার শিক্ষা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক।