আগরতলা, ৫ এপ্রিল, ২০২৬ঃ
আগামী টিটিএএডিসি নির্বাচন ও ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে তৎপর ত্রিপুরা পুলিশ প্রশাসন। সেই প্রেক্ষিতে রবিবার উত্তর ত্রিপুরা জেলা সফরে এসে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের ডিজিপি অনুরাগ ধনকর।
এদিন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার কার্যালয়ে উত্তর ও উনকোটি জেলার পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন ডিজিপি অনুরাগ ধনকর। উপস্থিত ছিলেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন, এসপি নর্থ অবিনাশ রাই, উনকোটি জেলার এসপি সুধম্ভিকা আর-সহ টিএসআর ও পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা।
বৈঠকে স্পর্শকাতর বুথে বাড়তি নিরাপত্তা, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপের নির্দেশ দেন ডিজিপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি। ধর্মনগর উপনির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে বলে আশ্বস্ত করেন ডিজিপি।
এর আগে খোয়াই, ধলাই ও উনকোটি জেলাতেও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।