আগরতলা, ৬ এপ্রিল, ২০২৬ঃ
বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন সাফাইকর চালুর সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম। আগরতলা পুর নিগম এক বিজ্ঞপ্তিতে জানায় যে, শপিং মল, বড় হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট দোকান ও স্ট্রিট ভেন্ডর জাতীয় সব ধরনের বর্জ্য উৎপাদকদের জন্য নির্দিষ্ট মাসিক ফি ধার্য করা হয়েছে, পাশাপাশি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রেও আলাদা চার্জ নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের একাংশের দাবি, এতে ছোট ও মধ্যবিত্ত পরিবারগুলির উপরই সবচেয়ে বেশি আর্থিক চাপ পড়বে। পাশাপাশি, নিজস্বভাবে বর্জ্য প্রক্রিয়াকরণ বা নিষ্পত্তির কোনো বিকল্প ব্যবস্থা না রাখা এবং ধাপে ধাপে সতর্কতা বা জরিমানার সুযোগ না দিয়ে সরাসরি ফি আরোপ করায় নীতির স্বচ্ছতা ও নমনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুর নিগমের নির্দেশ অনুযায়ী, বর্জ্য উৎসেই আলাদা করতে হবে এবং নির্দিষ্ট কর্মীদের হাতে তা তুলে দিতে হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ফি জমা না দিলে জরিমানা, এমনকি ট্রেড লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
তবে শহরের একাংশের নাগরিকের মতে, পরিষেবার মান উন্নত হলে এই ধরনের চার্জের যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরিষেবার মান, আয়ের ভিত্তিতে শ্রেণিবিন্যাস এবং নিয়মের নমনীয়তা ছাড়া একসাথে নির্দিষ্ট হারে ফি ধার্য করা সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।