আগরতলা, ৭ এপ্রিল, ২০২৬ঃ
চাকরির দাবিতে টেট-২ উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল আগরতলা। দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসা প্রার্থীরা এদিন শহরের সিটি সেন্টারে একত্রিত হয়ে মিছিল সংগঠিত করেন। সেখান থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে পৌঁছে ঘেরাও করে ধর্না শুরু করেন চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। ফলে ক্ষোভে ফেটে পড়ে এদিন তারা সরাসরি বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন।
বিক্ষোভকারীরা জানান, মোট ১৪৮৮ জন টেট-২ উত্তীর্ণ প্রার্থীর মধ্যে বর্তমানে ১০১০ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করে সকল উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিতে তারা আন্দোলনে সামিল হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে বহুজনকে আটক করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি পশ্চিম আগরতলা থানার পুলিশও মন্ত্রীর বাসভবনের গেট এলাকা থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে তুলে নিয়ে যায়।