আগরতলা, ৭ এপ্রিল, ২০২৬ঃ
মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, জনসভায় যোগ দিতে আসা দলীয় সমর্থকদের একটি গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর তিন রাউন্ড গুলি চালায়। সঙ্গে একটি গ্রেনেড ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটে মেরেং বাজার সংলগ্ন এলাকায়, যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারাকলক উচ্চ বিদ্যালয়ের মাঠে মুখ্যমন্ত্রীর নির্ধারিত জনসভায় অংশ নিতে যাচ্ছিলেন দলীয় সমর্থকরা। সেই সময়ই আচমকা দুষ্কৃতীরা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলিচালনা করে। ঘটনায় কেউ আহত হন নি। তবে আকস্মিক এই হামলায় সমর্থকদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়।
অভিযোগ, গুলিচালনার পাশাপাশি হামলাকারীরা এক সমর্থকের মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে পারাকলক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।