আগরতলা, ৮ এপ্রিল, ২০২৬ঃ
উত্তর ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আগামী ৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ ধর্মনগর সরকারি দ্বাদশমান বালিকা বিদ্যালয় থেকে ভোটকর্মীরা ইভিএম, ভিভিপ্যাটসহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই উপনির্বাচনে মোট ৫৫টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১১টি মডেল পোলিং স্টেশন এবং ১১টি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে, যা নারীর সক্রিয় অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা শাসক চান্দনী চন্দ্রান বলেন, প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার জন্য।