আগরতলা, ১০ এপ্রিল, ২০২৬ঃ
বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বেঙ্গালুরুতে ‘ডেস্টিনেশন ত্রিপুরা–ইনভেস্টরস রোডশো’ আয়োজন করল ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর। ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ ২০২৬’-এর প্রস্তুতির অংশ হিসেবে হোটেল আইটিসি উইন্ডসরে অনুষ্ঠিত এই রোডশোতে দক্ষিণ ভারতের শিল্পপতি, বিনিয়োগকারী ও স্টার্ট-আপ প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ত্রিপুরার শিল্প পরিবেশ, পরিকাঠামোগত উন্নয়ন, নীতিগত সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানান।
এছাড়াও তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, রাবার, বাঁশ ও আগরউডসহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আধুনিক নগর উন্নয়ন ও শিল্পবান্ধব পরিকাঠামো নিয়েও গুরুত্বারোপ করা হয়।
রোডশোতে ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও একাধিক বি-টু-জি বৈঠকের মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন সরকারি আধিকারিকরা। এই উদ্যোগের ফলে প্রায় ২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৪৪টি এলওআই/এমওইউ স্বাক্ষরিত হয়েছে।