আগরতলা, ১১ এপ্রিল, ২০২৬ঃ
বিশালগড় মধুপুরে এনসিবি ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও গাঁজা উদ্ধার করল শুক্রবার। এদিন বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই অভিযান টানা প্রায় ৯ ঘণ্টা ধরে চলে রাত ১টা পর্যন্ত।
মধুপুর থানাধীন ত্রিশ কার্ড এলাকার একটি বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি আলমিরা ভেঙে উদ্ধার করা হয় নগদ ৩৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি ৫১ কেজি ১২৫ গ্রাম শুকনো গাঁজাও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান চলাকালে বাড়ির বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও এক গৃহবধূ ও তার সন্তানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয় এবং পরে মধুপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে এনসিবি ও বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল ও থানায় গিয়ে উদ্ধার হওয়া অর্থের হিসাব-নিকাশ সম্পন্ন করেন।
প্রায় ২৩৫ জন জওয়ান অংশ নেন এই অভিযানে।
বাজেয়াপ্ত গাঁজার মালিক প্রসেনজিৎ নম। পরে তিনি আত্মসমর্পণ করেছেন বলেও দাবি তদন্তকারী দলের।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে তদন্তকারী সংস্থাগুলি।