আগরতলা, ১৩ এপ্রিল, ২০২৬ঃ
আগরতলায় রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতীর হামলার শিকার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস। এদিন রাতে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। মাধবী বিশ্বাস ও তার ছেলেকে মারধর করে গুরুতর জখম করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মা ছেলেকে উদ্ধার করে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করে। সোমবার সকাল পর্যন্ত দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসক সূত্রে খবর, দুজনেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একাধিক সেলাই পড়েছে।
মাধবী বিশ্বাস দীর্ঘদিন ধরেই তার সামাজিক মাধ্যমে সরকারের বিভিন্ন কাজ কর্মের সমালোচনা করে আসছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে তিনি পূর্বে প্রায় ৭৫ দিন কারাবাস করেন এবং পরে জামিনে মুক্তি পান। যদিও তার এই কর্মকাণ্ডের জেরে সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি এডিসি নির্বাচনকে কেন্দ্র করেও তিনি শাসকদল ও মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ঘটনার জেরেই ক্ষুব্ধ শাসক দলের সমর্থক গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে।
তবে পুলিশ এখনও পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি মাধবী বিশ্বাস।