আগরতলা, ১৩ এপ্রিল ২০২৬ঃ
ত্রিপুরার উনকোটি ও উত্তর জেলায় মাত্র চার দিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে ৮ এপ্রিল উনকোটি জেলার পেঁচারথলের আন্ধারছড়া এলাকায়। সেখানে প্রায় ১৪ বছর বয়সী একটি হাতির মৃত্যু হয়। অভিযোগ, জন্ম থেকেই অপুষ্টিতে ভোগা ওই হাতিটি যথাযথ চিকিৎসা পায়নি।
১০ এপ্রিল ঠান্ডাছড়া এলাকায় আরও একটি ৪৫ বছর বয়সী মাদি হাতির মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, রক্ষণাবেক্ষণের খরচা সামাল দিতে না পেরে হাতির মালিকরা হাতি দুটিকে দান করে দিতে চাইছিলেন। হাতিগুলিকে গুজরাটে পাঠানোর পরিকল্পনা ছিল। পরিবহণের সময় এবং রাখার ক্ষেত্রে যথাযথ যত্নের অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি, খাদ্যাভাবে মৃত্যুর অভিযোগও উত্থাপিত হয়েছে।
এদিকে, আন্ধারছড়া এলাকায় আরও অন্তত পাঁচটি হাতি সংকটজনক অবস্থায় রয়েছে বলে স্থানীয়দের দাবি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও মৃত্যুর আশঙ্কা করছেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে বনদপ্তরের তরফে তাদের বক্তব্য জানা যায়নি।