আগরতলা, ১৩ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় স্বদলীয় বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিপ্রামথা দলের বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা । সোমবার তিনি তার নিজের দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
পশ্চিম ত্রিপুরার প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের এই মামলায় অভিযোগ, এডিসি নির্বাচনের প্রচারের সময় রঞ্জিত দেববর্মা প্রকাশ্যে মন্ত্রীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, অনিমেষ দেববর্মা সরকারি অর্থ আত্মসাৎ করে দিল্লিতে নিজের নামে একটি ফ্ল্যাট কিনেছেন। পাশাপাশি একটি বন দফতরের অতিথি নিবাসকে ঘিরে ব্যক্তিগত অসদাচরণের অভিযোগও তোলেন তিনি।
এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন অনিমেষ দেববর্মা। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রীর পক্ষে আইনজীবী কৌশিক রায় আদালতে মামলা দায়ের করেন এবং সিনিয়র আইনজীবী শঙ্কর লোধ মামলায় সওয়াল করবেন। আদালতের নথি অনুযায়ী, মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা ৩৫৬ ধারা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২১০ ধারায় মামলা দায়ের করেন।
আদালত পরবর্তী শুনানির দিন ৩০ এপ্রিল।