আগরতলা, ২১ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় এডিসি নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাসের শিকার বিজেপি কর্মীরা বিচার পাচ্ছে না। প্রতিবাদে মঙ্গলবার গোমতি জেলার কাকড়াবান থানায় তালা দিয়ে দিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। গত ১২ এপ্রিল বিজেপির বিজেপি কর্মীদের হামলার ঘটনায় অভিযুক্ত তিন তিপ্রামথা কর্মীদের গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু উপযুক্ত প্রাথমিক তথ্য প্রমাণের অভাবে অভিযুক্তরা পর তিনি জামিন পেয়ে যান। এরই প্রতিবাদে বিজেপি কর্মীরা মঙ্গলবার কাকড়াবান থানায় তালা লাগিয়ে দেন।
অভিযোগ, গত ১২ এপ্রিল পাহাড়ি এলাকায় নির্বাচনের দিন তুলামুড়া থেকে মাতাবাড়ি যাওয়ার পথে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়-এর গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনায় কাকড়াবন থানা পুলিশ অভিযুক্তের মধ্যে মনিসাধন জমাতিয়া, বিবেকানন্দ দেববর্মা ও নারায়ণ জমাতিয়াকে গ্রেফতার করে।
তবে বিজেপির অভিযোগ, উপযুক্ত প্রাথমিক তথ্য-প্রমাণের অভাবে গ্রেফতার হওয়া অভিযুক্তরা জামিন পেয়ে যায়।
বিক্ষোভকারীদের দাবি, এডিসি নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হলেও তারা ন্যায্য বিচার পাচ্ছেন না। অভিযুক্তদের দ্রুত মুক্তি পাওয়া প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বলেও দাবি তাদের। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর কাকড়াবান এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এদিকে, পুলিশ প্রশাসনকে এভাবে অবরুদ্ধ করে রাখার ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।