আগরতলা, ২৬ এপ্রিল, ২০২৬ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত এর ১৩৩তম পর্বে আবারও উঠে এলো ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ-বেত শিল্প। এদিনের বক্তব্যে বিশেষভাবে গোমতী জেলার কারুশিল্পী বিজয় সূত্রধর এবং দক্ষিণ ত্রিপুরার প্রদীপ চক্রবর্তীর কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বলেন, উত্তর-পূর্ব ভারতের বাঁশ শিল্প বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নীতিগত পরিবর্তনের। তিনি উল্লেখ করেন, ব্রিটিশ আমলে বাঁশকে ‘গাছ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল, যার ফলে এর পরিবহন ও ব্যবসায় নানা বিধিনিষেধ ছিল। এতে করে বহু মানুষ এই পেশা থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন।
তবে ২০১৭ সালে আইন পরিবর্তনের মাধ্যমে বাঁশকে ‘ঘাস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলে সেই বাধা দূর হয়। এর ফলে বাঁশ শিল্পে নতুন গতি আসে এবং উত্তর-পূর্বাঞ্চলে এই শিল্পের প্রসার ঘটে।
প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, উত্তর-পূর্ব ভারতের কারিগরদের সমর্থন করতে সবাই যেন অন্তত একটি বাঁশজাত পণ্য ক্রয় করেন। তিনি বলেন, “এমনকি উপহার হিসেবেও এগুলি ব্যবহার করা যেতে পারে। এতে পরিশ্রমী কারিগরদের উৎসাহ বাড়বে।”
ত্রিপুরার বাঁশ-বেত শিল্পের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।