আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ প্রশাসনিক সংস্কার এবং আদিবাসীদের সাংবিধানিক দাবিদাওয়া নিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা।
বৈঠকে টিটিএএডিসি-র কার্যকারিতা বৃদ্ধি এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য স্বশাসিত পরিষদের মতো সমমর্যাদা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রদ্যোত কিশোর জানান, এডিসি’কে আধুনিকীকরণ এবং প্রশাসনিকভাবে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে তিনি রাজ্যপালকে অবহিত করেছেন।
তিনি আরও বলেন, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের স্বশাসিত পরিষদগুলো যেসব সাংবিধানিক সুযোগ-সুবিধা পায়, ত্রিপুরার এডিসি এখনও সেগুলি থেকে বঞ্চিত। এই বৈষম্য দূর করে আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিভিন্ন অমীমাংসিত বিষয়ে রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপও দাবি করেছেন তিনি।
প্রদ্যোত কিশোর আশা প্রকাশ করেন, টিটিএএডিসি-র উন্নয়ন ও সাংবিধানিক অধিকার সংক্রান্ত বিষয়গুলিতে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।