আগরতলা, ২৯ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় কর্মরত পরিযায়ী ইটভাটা শ্রমিকরা তাদের রাজ্য মজুরি পাচ্ছেন না। এই অভিযোগে বুধবার সি আই টি ইউ আগরতলা কমিটির নেতৃত্বে শ্রমিকরা বিক্ষোভ দেখান আগরতলায়।
এই দিন আগরতলায় শ্রম দপ্তর কার্যালয়ের সামনে এক বিক্ষোভসভায় ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন দাস অভিযোগ করেন, রাজ্যে ইটভাটা শ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমিকরা চরম বঞ্চনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রেই শ্রমিকরা কাজের ন্যায্য মজুরি ও হিসাব পাচ্ছেন না, এমনকি সিজন শেষে অনেক ইটভাটায় শ্রমিকদের পাওনা বকেয়া রয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বর্তমান নীতি ও নিয়মের কারণে ইটভাটা মালিকরাও সমস্যায় পড়ছেন। কয়লা সরবরাহে জটিলতা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং প্রশাসনিক ত্রুটির ফলে শিল্পে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নির্মাণ শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্প থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ তোলেন। এই পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার ও শ্রম দপ্তরকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভ শেষে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রম কমিশনারের অনুপস্থিতিতে জয়েন্ট শ্রম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেয়। পূর্বে জানানো সত্ত্বেও শ্রম কমিশনার উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্ব। তবে জয়েন্ট শ্রম কমিশনার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।