আগরতলা, ২ মে, ২০২৬ঃ
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলায় বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ানোর অভিযোগ তোলা হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী দাবি করেন, কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০৭১.৫০-এ পৌঁছেছে। তিনি বলেন, চলতি বছরে একাধিক দফায় মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ১৪৪২.৫০।
তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকেই এলপিজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। ইউপিএ সরকারের সময় সব শ্রেণির এলপিজি ব্যবহারকারী ভর্তুকি পেতেন, এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরাই সীমিত ভর্তুকি পাচ্ছেন।
কংগ্রেসের অভিযোগ, রাজ্যেও সিএনজি ও পিএনজি গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে। এর উপর রাজ্য সরকার প্রায় ৪৪ শতাংশ কর আদায় করছে।
কংগ্রেসের অভিযোগ, গত কয়েক বছরে জিএসটি আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ হলেও সাধারণ মানুষের উপর করের চাপ কমেনি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।
বিক্ষোভকারীরা গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।