আগরতলা, ২ মে, ২০২৬ঃ
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ২০২৫–২৬ অর্থবর্ষে উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি ও পরিষেবা সম্প্রসারণের নজির গড়েছে। শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং।
এদিন চেয়ারম্যান বলেন, চলতি অর্থবর্ষে ব্যাংকের মোট ব্যবসা ১৫,৪২২ কোটিতে পৌঁছেছে, যা ৯.৪৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। আমানত দাঁড়িয়েছে ১০,৮৮৯ কোটি এবং ঋণ বিতরণ বেড়ে ৪,৫৩২ কোটি হয়েছে, যেখানে প্রবৃদ্ধি ১২.৭৭ শতাংশ। ক্রেডিট-ডিপোজিট রেশিও বেড়ে ৪১.৬২ শতাংশে উন্নীত হয়েছে।
লাভের ক্ষেত্রেও ব্যাংক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অপারেটিং প্রফিট ২৩৬ কোটি এবং নিট মুনাফা ১৮৪.৮৪ কোটি হয়েছে, যা গত বছরের তুলনায় ৭৬ শতাংশের বেশি বৃদ্ধি।
সম্পদের গুণগত মানেও বড় উন্নতি হয়েছে বলে জানান তিনি। গ্রস এনপিএ কমে ২.৮৯ শতাংশে নেমেছে এবং নেট এনপিএ শূন্যে পৌঁছেছে। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও ২৮.৫৮ শতাংশ, যা নিয়ন্ত্রক মানের তুলনায় অনেক বেশি এবং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
গ্রামীণ উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চেয়ারম্যান বলেন, অগ্রাধিকার খাতে ঋণ বিতরণে ব্যাংক ৩,৪৯৯.৮১ কোটি প্রদান করেছে, যা মোট ঋণের ৭৭.২২ শতাংশ। এর মধ্যে ১,১১৯.০৫ কোটি কৃষি ও সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা হয়েছে।
ব্যাংকের এই ধারাবাহিক সাফল্য ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।