আগরতলা, ১১ মে, ২০২৬ঃ
ত্রিপুরার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৫ আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর ৬৩৭ এসএটিএ ব্যাটারিকে সিটেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আগরতলার লোক ভবনে আয়োজিত এক ইনভেস্টিচার সেরিমোনিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু এই সম্মান তুলে দেন।
রাজ্যপাল ৩৫ আসাম রাইফেলসের কমান্ডেন্ট কর্নেল সাহিল শর্মা এবং ৬৩৭ এসএটিএ ব্যাটারির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিস কুকরেতির হাতে ইউনিট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, পাহাড়ি মানুষের বন্ধু হিসেবে পরিচিত ৩৫ আসাম রাইফেলস ত্রিপুরার দুর্গম এলাকায় নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, বাহিনীটি পেশাদারিত্ব ও সংযম বজায় রেখে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সফল ভূমিকা পালন করেছে।
এছাড়াও ৬৩৭ এসএটিএ ব্যাটারির ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন রাজ্যপাল। তিনি বলেন, এই ইউনিটটি জনসমক্ষে খুব বেশি আলোচনায় না এলেও প্রতিদিন রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। উভয় বাহিনীর জওয়ানদের কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার জন্য তিনি অভিনন্দন জানান।