আগরতলা, ১২ মে, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, টিটিএএডিসি এর তালিকাভুক্ত ঠিকাদাররা রাজ্য পুর্ত দফতরের কাজ করতে পারবেনা। এমনই এক নিষেধাজ্ঞার প্রতিবাদ জানালেন রাজ্যের তিপ্রামথা দলের একাংশ বিধায়ক ও এমডিসি’রা। এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের বিধায়ক ও এমডিসি’রা পুর্ত দফতরের মুখ্য বাস্তুকারের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, পূর্বে টিটিএএডিসি এলাকার বৈধ লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদাররা নিয়ম মেনেই পুর্ত দফতরে বিভিন্ন কাজে দরপত্র জমা করতেন। কিন্তু হঠাৎ নির্দিষ্ট কারণ ছাড়াই তাঁদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জনপ্রতিনিধিদের দাবি, এই সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থার পরিপন্থী। তাঁদের মতে, সরকারের উন্নয়নের স্লোগান থাকা সত্ত্বেও স্থানীয় ঠিকাদারদের বড় প্রকল্প থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। বহু ঠিকাদারের জমা দেওয়া টেন্ডার বর্তমানে প্রশাসনিক স্তরে ঝুলে রয়েছে। এর ফলে ঠিকাদার মহলে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে দ্রুত বিধিনিষেধ প্রত্যাহার করে টিটিএএডিসি-র বৈধ ঠিকাদারদের পুনরায় পিডব্লিউডি-র কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিধায়ক ও এমডিসি’রা।