আগরতলা, ১৫ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় প্রথমবার লিটারপ্রতি ১০০ টাকা পার করল পেট্রোলের দাম। শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য। এর জেরে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে গ্রাহকদের দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড়।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা ৫৪ পয়সা, যা আগের তুলনায় ৩ টাকা ৪ পয়সা বেশি। পাশাপাশি ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯ টাকা ৪৪ পয়সা, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৯১ পয়সা।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যে মাত্র ১৫ দিনের পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। তবে এই ঘোষণার পরই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত থেকেই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় বাড়তে শুরু করে।
এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, রাজ্যে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার পরামর্শ দেন এবং পেট্রোল পাম্পে অযথা দীর্ঘ লাইন না করার আবেদন জানান।
জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ, পরিবহন চালক এবং ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।