আগরতলা, ১৫ মে ২০২৬ঃ
ত্রিপুরায় ২০২৬-২৭ সালের প্রথম পর্যায়ের জনগণনা শুরু হবে আগামী ১ আগস্ট থেকে এবং চলবে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত। এর আগে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে স্ব-গণনা বা সেলফ অ্যানুমারেশন পর্ব। সেনসাস অব ইন্ডিয়া ২০২৭-এর সাথে যুক্ত সুপারভাইজার, এনুমারেটরসহ বিভিন্ন স্তরের আধিকারিকদের এক প্রশিক্ষণ শিবির শেষে এ কথা জানালেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার।
তিনি জানান, এই সময়ে নাগরিকরা মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য সরাসরি জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর প্রতিটি নাগরিক একটি সেলফ অ্যানুমারেশন আইডি পাবেন, যা পরে গণনাকারী আধিকারিকদের যাচাইয়ের মাধ্যমে মূল ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হবে।
জেলাশাসক আরও জানান, এই ব্যবস্থাটি বাংলা সহ মোট ১৬টি ভাষায় উপলব্ধ থাকবে, যা ডিজিটাল ইন্ডিয়ার আওতায় জনগণনার একটি আধুনিক উদ্যোগ। এর মাধ্যমে তথ্য সংগ্রহ আরও সহজ, দ্রুত এবং নির্ভুল হবে বলে তিনি উল্লেখ করেন।
আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও হাউজলিস্টিং ও হাউজিং সেনসাসের মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। এই কাজে নিযুক্ত আধিকারিকদের জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে তারা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ, ইউজার ম্যানুয়াল অনুসরণ এবং দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন বলে জানান জেলাশাসক।