আগরতলা, ১৬ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় বন দফতরের অধীন টিএফডিপিসি-তে ২০০ বন কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা মজদুর সংঘ। ছাঁটাই নোটিশ প্রত্যাহারসহ একাধিক দাবিতে এদিন আগরতলার অরণ্যভবনের সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা।
শ্রমিকরা অবিলম্বে ছাঁটাই নোটিশ প্রত্যাহার এবং সকল কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।
ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে ছাঁটাই নোটিশ অবিলম্বে প্রত্যাহার, সকল কর্মরত শ্রমিকের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত কর্মসংস্থানের ব্যবস্থা এবং শ্রমিক স্বার্থবিরোধী সব সিদ্ধান্ত বাতিল করা সহ মোট চার দফা দাবি তোলা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের রাজ্য সভাপতি বাপন দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টিএফডিপিসি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের চার দফা দাবি সহ স্মারকলিপি জমা করেন। সংগঠনের পক্ষে বলা হয়, হঠাৎ করে বন কর্মীদের নোটিশ দিয়ে ছাঁটাই করার উদ্যোগ নেওয়াতে অনিশ্চিত হয়ে পড়েছে এই ২০০ জন বন কর্মীর ভবিষ্যৎ। সংগঠনের পক্ষে সরকারের এই উদ্যোগের সমালোচনা করে অবিলম্বে নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়।