আগরতলা, ১ জুন ২০২৬ঃ
ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়ায় সমর্থ পোর্টালের সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্রছাত্রীরা। পোর্টাল খোলা, নতুন রেজিস্ট্রেশন ও আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে একাধিক জটিলতা দেখা দেওয়ায় ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
সোমবার রাজ্য এসএফআই এর এক প্রতিনিধিদল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে ছাত্র-ছাত্রীদের অভিযোগ তুলে জানান, অনেক ক্ষেত্রে ওয়েবসাইট খুলছে না, আবার কোথাও রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাচ্ছে না। ‘নিউ রেজিস্ট্রেশন’, লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত ধাপগুলি নিয়েও তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি। ফলে বহু শিক্ষার্থী আবেদন করতে পারছেন না।
একই সমস্যার কথা জানিয়েছেন বিভিন্ন সাইবার ক্যাফে ও কমন সার্ভিস সেন্টারের কর্মীরাও। তাঁদের মতে, পোর্টালের প্রযুক্তিগত জটিলতা এবং পর্যাপ্ত নির্দেশিকার অভাবে আবেদনকারীদের সহায়তা করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে একাধিকবার চেষ্টা করেও রেজিস্ট্রেশন সফল হচ্ছে না।
এই পরিস্থিতিতে এত এসএফআই ত্রিপুরা রাজ্য অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা পাঁচ দিন বাড়ানোর দাবি জানায়। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করার সময়সীমা ৭ জুন পর্যন্ত। ওয়েবসাইটের জটিলতায় এই সময়ের মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে আবেদন করা সম্ভব নয় বলে দাবি করছে সংগঠন।