আগরতলা, ৪ জুন, ২০২৬ঃ উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ৭৩তম প্লেনারি সেশন বৃহস্পতিবার শিলং কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসি-র ভাইস চেয়ারম্যান অমিত শাহ। উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবরা।
বৈঠকে ৮টি হাই লেভেল টাস্ক ফোর্সের প্রতিবেদন সংশ্লিষ্ট কনভেনাররা উপস্থাপন করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আগরতলায় অনুষ্ঠিত এনইসি-র ৭২তম প্লেনারি সেশনে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উদ্যোগে এই টাস্ক ফোর্সগুলি গঠন করা হয়েছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা “ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার” এবং “কানেক্টিভিটি ইন দ্য নর্থ ইস্টার্ন রিজিয়ন” শীর্ষক দুটি টাস্ক ফোর্সের কনভেনার হিসেবে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে উত্তর-পূর্বাঞ্চলের আর্থিক উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার প্রসার, বিনিয়োগ আকর্ষণ এবং পরিকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০১৪ সালের পর থেকে উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ অগ্রগতির জন্য “অ্যাক্ট ইস্ট, অ্যাক্ট ফাস্ট, অ্যাক্ট ফার্স্ট” ভিশন নিয়ে কাজ করতে হবে। ভারতের উন্নয়নের যাত্রায় উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিস্তীর্ণ জমি, জল ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এই অঞ্চলের পূর্ণ আর্থিক সম্ভাবনাকে বিকশিত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও ডাটা সেন্টারের হাব হিসেবেও উত্তর-পূর্বাঞ্চলের বিপুল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাদক পাচার ও মাদকাসক্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ ও মনোরম পরিবেশকে কাজে লাগিয়ে উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের অন্যতম “আরোগ্য কেন্দ্র” হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।