আগরতলা, ১২ জুন, ২০২৬ঃ
ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের উগ্রপন্থী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধ শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সাহার আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্রায় ছয় ঘণ্টা অচল থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা।
শুক্রবার সকাল থেকে অবরোধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অংশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীরা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সাধারণ মানুষের যাতায়াত ও রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে।
পরিস্থিতি সামাল দিতে অবরোধস্থল বড়মুড়ায় যান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আন্দোলনকারীদের বিভিন্ন দাবি গুলি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। অধিকাংশ বিষয়েই ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং অবশিষ্ট যৌক্তিক দাবিগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
যদিও বৃহস্পতিবার দিনভর জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মন্ত্রী বিকাশ দেববর্মা আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের সঙ্গে আলোচনা করেও কোন সমাধান সূত্র বের করতে পারেননি। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে অবরোধ শুরু করেন প্রাক্তন বৈরীরা। ফলে প্রশাসনের উদ্যোগের অভাবে শুক্রবার সকাল থেকে রাজ্যবাসীকে নানা সমস্যা ভুগতে হয়।