আগরতলা, ২১ জুন, ২০২৬ঃ
ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা, আদর্শ ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে আন্তর্জাতিক যোগ দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার হাঁপানিয়ার আন্তর্জাতিক প্রদর্শনী হলে রাজ্যভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন।
যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন। বিশ্বের প্রায় সব দেশ এই উদ্যোগকে সমর্থন করায় ২০১৫ সাল থেকে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ২১ জুন দিনটিকে যোগ দিবস হিসেবে বেছে নেওয়ার পিছনে আধ্যাত্মিক ও প্রাকৃতিক গুরুত্ব রয়েছে। চলতি বছরের যোগ দিবসের মূল ভাবনা হলো—বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়ামের মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, যোগ চর্চার ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, পেশীর নমনীয়তা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানসিক চাপ কমে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করতে যোগের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করে যুব সমাজকে নিয়মিত যোগ চর্চার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।