আগরতলা, ২১ জুলাই ২০২৬ঃ
প্রয়াত ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যনকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় মঙ্গলবার। পুলিশ সদর দপ্তরে গার্ড অব অনার ও আনুষ্ঠানিক সালামির মাধ্যমে সহকর্মী, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এবং প্রশাসনের প্রতিনিধিরা তাঁকে শেষ বিদায় জানান। এরপর তাঁর কফিনবন্দী মরদেহ দিল্লির উদ্দেশে পাঠানো হয়। ২২ জুলাই, বুধবার সকাল ৯টায় উত্তরপ্রদেশের বাগপত জেলার বরাউটের গান্ধী রোডে তার নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে।
মঙ্গলবার সকালে প্রথমে অনুরাগ ধানখরের সরকারি বাসভবনে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় পুলিশ সদর দপ্তরে, যেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর মরদেহ রাজ্য মহাকরণে নিয়ে যাওয়া হলে সেখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার পুলিশ সদর দপ্তরের নিজ দপ্তরের বাথরুমে রহস্যজনক পরিস্থিতিতে অনুরাগ ধানখরের মৃত্যু হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চলছে। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও এখনও প্রকাশ্যে আনা হয়নি।
প্রয়াত ডিজিপির প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার ত্রিপুরাজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাজ্যে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং রাজ্যজুড়ে সব ধরনের সরকারি অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।