আগরতলা, ২৭ ডিসেম্বর, ২০২৫ঃ
জাত তুলে গালিগালাজের প্রতিবাদ করায় উত্তরপ্রদেশে খুন হলেন ত্রিপুরার এক ছাত্র। মৃত ছাত্রের নাম অ্যাঞ্জেল চাকমা। বছর ২৪ এর এই যুবক
আগরতলা নন্দননগরে বাসিন্দা। সে দেরাদুনের একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র চূড়ান্ত বর্ষের ছাত্র ছিল। ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর অ্যাঞ্জেল চাকমার ভাই মাইকেল চাকমার সঙ্গে বাজারে গিয়েছিলেন। সেখানেই কয়েকজন মদ্যপ যুবক তাঁদের উদ্দেশে বর্ণবিদ্বেষী ও জাতিগত কটূক্তি করে। এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বচসা বাধে। অভিযোগ, বচসার মধ্যেই অভিযুক্তরা হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে অ্যাঞ্জেল ও তাঁর ভাইয়ের উপর হামলা চালায়।
ধারালো অস্ত্রের পাশাপাশি লোহার রড দিয়েও বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় অ্যাঞ্জেল চাকমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জেলের মাথা ও ঘাড়ে গভীর আঘাত লেগেছিল, যার ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এই ঘটনায় গোটা উত্তর-পূর্বাঞ্চল সহ ত্রিপুরায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।