আগরতলা, ২৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা এলাকায় এক মানব কঙ্কাল উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ছৈলেংটা কর্মচারী সমন্বয় সমিতির অফিসের ভেতর থেকে উদ্ধার হওয়া মানব কঙ্কালটি ৮৫ বছর বয়সী আল্লাদি সরকারের বলে নিশ্চিত করেছেন পরিবারের লোকজন। তিনি গত দুর্গাপূজার সময় থেকে নিখোঁজ ছিলেন। এদিন মৃতার মেয়ে ঘটনাস্থলে এসে কঙ্কালটি তাঁর মায়ের বলে নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকার একটি শনিপূজার রান্নার প্রস্তুতির জন্য অফিস ঘরটি খোলা হয়। সেই সময় ঘরের ভেতরেই ওই মহিলার কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবার সূত্রে আরও জানা গেছে, আল্লাদি সরকার বিগত প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন। তার কোনও খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ঘটনার তদন্তে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। মৃতদেহটি দেখে মৃত্যুর প্রকৃত কারণ অনুমান করা সম্ভব হয়নি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে একটি মামলা নিয়ে ঘটনাতদন্ত শুরু করেছে ছৈলেংটা থানা পুলিশ।