আগরতলা, ১০ জানুয়ারি, ২০২৬ঃ
বিশ্রামগঞ্জ এলাকাবাসীর প্রবল আপত্তির মধ্যেই এলাকার নগর পঞ্চায়েত সীমানা নির্ধারণের জন্য দ্বিতীয় দফার শুনানি করল সিপাহীজলা জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের সভাপতিত্বে এই শুনানি হয়, যেখানে এডিএম এর নেতৃত্বে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শোনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে সকল প্রতিনিধিত্বের যথাযথ বিবেচনা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে বিশ্রামগঞ্জ এলাকাকে নগর পঞ্চায়েত ঘোষণার প্রস্তাব ঘিরে তীব্র আপত্তি তুলেছেন স্থানীয় আদিবাসী জনগণ। উল্লেখযোগ্য যে, বিশ্রামগঞ্জ এলাকা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, টিটিএএডিসি এর আওতাভুক্ত। স্থানীয়দের অভিযোগ, এডিসি এলাকার অন্তর্ভুক্ত অঞ্চলকে নগর পঞ্চায়েতে রূপান্তরের সিদ্ধান্ত ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে আদিবাসীদের সাংবিধানিক সুরক্ষার সরাসরি লঙ্ঘন।
এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৬ জানুয়ারি বিশ্রামগঞ্জে বনধের ডাক দেয় ‘সিভিল সোসাইটি’ নামে একটি সংগঠন। রাজ্য সরকারের শরিক দল তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বাধীন এই সংগঠনের বক্তব্য, এডিসি এলাকাকে নগর পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হলে ভূমি অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব, জনসংখ্যার গঠন এবং আদিবাসী সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের উপর বিরূপ প্রভাব পড়বে। তাদের মতে, এই বনধ আদিবাসী জনগণের সাংবিধানিক অধিকার ও ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে একটি গণতান্ত্রিক প্রতিবাদের প্রতিফলন।