আগরতলা ১৮ জানুয়ারি, ২০২৬ঃ
তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা আগামী বিধানসভা অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে রাজ্যপালের কাছে স্মারক লিপি জমা দিয়েছেন। রঞ্জিত দেববর্মা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে জানান, তাঁর প্রশ্নগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ। তিনি বলেন, “জনজাতির উন্নয়নমূলক প্রশ্নগুলি বিধানসভায় আলোচনা হলে আদিবাসীদের প্রকৃত উন্নয়ন সম্ভব।” এ বিষয়ে আগেই বিধানসভার অধ্যক্ষকেও অবহিত করা হয়েছে।
রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় টিটিএডিসিকে ৬,৬৪৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, কিন্তু কোন অর্থ বছরের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে তা বিধানসভায় স্পষ্টভাবে উল্লেখ করেননি। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি সিদ্ধান্তের জবাবদিহিতার প্রশ্ন তোলেন।
রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্ত দুঃখজনক ও হতাশাজনক। তিনি আরও জানান, খারিজ হওয়া প্রশ্নগুলি রাজ্যের আদিবাসী মানুষের অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি ইতিমধ্যেই বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাজ্যপালের কাছে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।
রঞ্জিত দেববর্মা বলছেন, আইনি প্রক্রিয়া বজায় রেখে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের স্বার্থ ও জনস্বার্থ রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য।