আগরতলা, ৪ ফেব্রুয়ারি,২০২৬ঃ
চলতি বছরের ১জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৭২৩ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৪৯৯ টি চালু রয়েছে। এক্ষেত্রে ত্রিপুরার জন্য একুশটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। চালু হয়েছে ১২টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্প বাবদ ৪৭৮৪.৯২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ব্যয় হয়েছে ৪,৭১৩.২১ কোটি টাকা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে আরো জানান, দ্বাদশ শ্রেণি পর্যন্ত যেসব একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা ৪৮০ জন, সে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষকদের ৩১টি এবং অশিক্ষক কর্মীদের ২১ টি পদের অনুমোদন রয়েছে।
২০২৫-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী সারা দেশে এই সব বিদ্যালয়ে ৬,৬০৫ জন নিয়মিত শিক্ষক এবং ১,৮৩২ জন নিয়মিত অশিক্ষক কর্মী কর্মরত রয়েছেন। কেন্দ্রীয় ভিত্তিতে এদের নিয়োগ করা হয়। তবে প্রয়োজনে রাজ্য সরকারগুলিকেও কর্মীদের ডেপুটেশনে পাঠানোর পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।
সাংসদ সামিরুল ইসলামের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে এই তথ্য জানিয়েছেন।