১১ ফেব্রুয়ারি
আগরতলা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ঃ
‘বিকশিত ভারত–জি রাম জি আইন ২০২৫’ প্রণয়নের উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সাড়ে ১১টায় আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন, বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং সুবিধাভোগীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ। তিনি বলেন, অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভার্চুয়ালি গ্রামোন্নয়ন দপ্তর ও ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের মোট ৫৪৬.৭৯ কোটি টাকা ব্যয়ে ১৭৯টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সম্মাননাও প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লোকসভা ও রাজ্যসভার সাংসদগণ, রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, ‘বিকশিত ভারত–জি রাম জি আইন ২০২৫’ ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই আইন কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে এই আইনের মাধ্যমে দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে তুলে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।