আগরতলা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় ২০ ফেব্রুয়ারি জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নড ডিমান্ড কমিটি। সংগঠনের পক্ষ থেকে এদিন রাজ্যজুড়ে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা জানান, ১৯৯৮ সালের আগে তারা আত্মসমর্পণ করে তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে মূল স্রোতে ফিরে আসেন। শান্তির পথে ফেরার পর একটি সুরক্ষিত ভবিষ্যতের আশাই তাদের ছিল বলে দাবি করেন তারা।
সংগঠনের দাবি, ২০০৭ সালের ২২ মে আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও স্থায়ী বসবাসের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০০৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সাল পর্যন্ত চলে। কিন্তু সরকার পরিবর্তনের পর এবং পরে কোভিড পরিস্থিতির কারণে প্রকল্পের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ তাদের।
কমিটির বক্তব্য, বরাদ্দ হওয়া ৪৫ কোটির মধ্যে প্রায় ২২ কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে। বাকি প্রায় ২৩ কোটি টাকা দিয়ে অবিলম্বে পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে।
নেতারা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি পূরণ না হলে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।