আগরতলা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
কয়লা আমদানি বন্ধ ও দক্ষ শ্রমিক সংকটে ত্রিপুরার ইট শিল্প চরম সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ইটভাটা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা ব্রিক মেনুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সোমবার সংগঠনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি বিবেকানন্দ চৌধুরী জানান, মেঘালয় ও অন্যান্য রাজ্য থেকে প্রয়োজনীয় কয়লা আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন কার্যত থমকে দাঁড়িয়েছে। একইসঙ্গে বিহার থেকে আসা দক্ষ শ্রমিকেরও তীব্র ঘাটতি দেখা দিয়েছে, ফলে দুই দিকের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে ইট শিল্প।
জানা গেছে, রাজ্যে প্রায় ৩০০টি ইটভাটা রয়েছে, যার মধ্যে বর্তমানে ২৮০–২৮২টি সচল ছিল। কিন্তু কয়লার তীব্র সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ইটের বিক্রি কমে যাওয়ায় মালিকপক্ষ ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় ভাটা চালানো অসম্ভব হয়ে পড়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের দাবি, দ্রুত বিকল্প জ্বালানির ব্যবস্থা করা এবং আন্তঃরাজ্য থেকে শ্রমিক আনার প্রক্রিয়া সহজ করা জরুরি। তা না হলে রাজ্যের নির্মাণ শিল্প বড় ধাক্কা খেতে পারে এবং সাধারণ মানুষের বাড়ি নির্মাণও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে ত্রিপুরা ব্রিক মেনুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।