আগরতলা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
উত্তরাখণ্ডের দেরাদুনে ত্রিপুরার যুবক এঞ্জেল চাকমা খুনের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে ৬৪৯ পাতার চার্জশিট জমা দিয়েছে উত্তরাখণ্ড পুলিশ। চার্জশিটে মূল অভিযুক্ত নেপালের বাসিন্দা যজ্ঞরাজ অবস্থিকে পলাতক দেখানো হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহায়তায় রেড কর্নার নোটিশ জারির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে অভিযুক্তের সন্ধানে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছিল এবং তাকে ধরিয়ে দিতে এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনায় মোট ছয়জনের জড়িত থাকার তথ্য পায় পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে দু’জন নাবালক।
দেরাদুন পুলিশের বিকাশনগরের সিও ভাস্কর লাল জানান, গত ৮ ফেব্রুয়ারি আদালতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা নেপাল দূতাবাসে পাঠানো হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং শিগগিরই রেড কর্নার নোটিশ জারি করা হবে।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ৯ ডিসেম্বর দেরাদুনের সেলাকুই এলাকায় একটি রেস্তরাঁর সামনে। সেদিন এঞ্জেল চাকমা ও তার ভাই মাইকেল বাজারে গেলে কয়েকজন যুবক তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানালে এঞ্জেলের উপর হামলা চালানো হয়। তাকে অন্তত ১৭ বার ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৪ দিন চিকিৎসার পর তার মৃত্যু হয়।