আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যের শিল্প ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে নয়াদিল্লির তানসেন মার্গে অবস্থিত এফআইসিসিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস সামিট ২০২৬”। এই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্মেলনে দেশ-বিদেশের বিনিয়োগকারী, শিল্পপতি ও নীতি-নির্ধারকরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক সম্মেলন নয়, বরং উত্তর-পূর্ব ভারতের অসীম সম্ভাবনা, উদ্ভাবন এবং সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের এক শক্তিশালী মঞ্চ। সামিটে ত্রিপুরার উদীয়মান শিল্পক্ষেত্র, অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম, কৃষিভিত্তিক শিল্প, বাঁশ শিল্প, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং উৎপাদন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিনিয়োগকারীদের সঙ্গে ইতিবাচক সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে ত্রিপুরায় শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ, সরকারি সহায়তা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে বলেও জানানো হয়।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ উত্তর-পূর্ব ভারত, বিশেষত ত্রিপুরাকে আত্মনির্ভরতা, শিল্পোন্নয়ন ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাবে। শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতির গতিশীলতা বাড়বে বলেও মত প্রকাশ করা হয়।