আগরতলা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
কৈলাসহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন একটি রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা স্থানীয় সন্দীপ কুর্মীর রাবার বাগানে আগুন লাগিয়ে দেয়।
জানা গেছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া মূর্তিছড়া এলাকায় প্রায় একশো কানি জমিতে বিস্তৃত ওই রাবার বাগানে আনুমানিক দশ হাজার রাবার গাছ রয়েছে। সন্দীপ কুর্মীর অভিযোগ, বাংলাদেশের দুষ্কৃতকারীরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগিয়েছে।
তাঁর অভিযোগ, সীমান্তের কাঁটাতারের দুই পাশের জঙ্গলে প্রথমে আগুন ধরিয়ে পরে রাবার বাগানে আগুন ছড়িয়ে দেওয়া হয়। সীমান্ত সংলগ্ন ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত প্রায় নেই; মূলত বিএসএফ জওয়ানরাই টহল দেন। তাই এই অগ্নিসংযোগ সীমান্তপারের দুষ্কৃতকারীদের কাজ বলেই তিনি দাবি করেন। এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনার বিষয়ে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন সন্দীপ কুর্মী।
আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এত বড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।